পার্বত্য চট্টগ্রাম চুক্তির স্বাক্ষরকারী আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা।

0

নিজস্ব প্রতিবেদক │ ১৯ অক্টোবর ২০২৫

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক চুক্তির স্বাক্ষরকারী ও সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৯ অক্টোবর) সকালে দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তার ব্যাংক লেনদেনের বিষয়ে সন্দেহজনক তথ্য পাওয়া গেছে।”

দুদকের দাখিলকৃত মামলায় বলা হয়েছে, আবুল হাসানাত আব্দুল্লাহর নামে ১৯ কোটি ৭১ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ৮০ কোটি ৪৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য অনুসন্ধানে উঠে এসেছে। দুদকের তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তার আয়-ব্যয়ের হিসাব ও সম্পদের উৎসে অসঙ্গতি এবং গোপন লেনদেনের প্রমাণ মিলেছে।

আবুল হাসানাত আব্দুল্লাহ জাতীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন এবং বরিশাল-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে তার সবচেয়ে আলোচিত ভূমিকা ছিল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহবায়ক হিসেবে ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির স্বাক্ষরকারী হিসেবে, যেখানে তিনি সরকারের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন এবং চুক্তি সম্পাদনে স্বাক্ষরকারী।

পরবর্তীতে তিনি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। চলতি বছরের ১২ জানুয়ারি প্রশাসনিক পুনর্গঠনের পর তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং নতুন আহ্বায়ক হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।

 

আগের পোস্টউপজাতিরা কী ধর্ষণ করে? স্বজাতি কর্তৃক পাঁচ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী: সমাধান প্রথাগত বিচারে
পরের পোস্টবাংলাদেশকে “ভাঙাদেশ” বললেন ইউপিডিএফ ব্লগার ও বুদ্ধিজীবি প্রজ্ঞা তাপস চাকমা।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন