পাহাড় পেরিয়ে চট্টগ্রাম পলিটেকনিক মাঠে ইউপিডিএফ এর নৃশংস হামলায় আহত ৬

0

অনলাইন নিউজ ডেস্ক:

শনিবার ১৮ অক্টোবর ২০২৫ খ্রি. চট্টগ্রাম পলিটেকনিক মাঠে ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে চুক্তি বিরোধী ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর সদস্যরা সাধারণ শিক্ষার্থীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে বর্বরোচিত ও নৃশংস হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় বিকাশ চাকমা নামে এক শিক্ষার্থীসহ মোট ৬ জন আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপিডিএফ নেতা তুজিম তালুকদারের নেতৃত্বে ডিপায়ন, কল্যাণ, দেবাশীষ, শ্যামল, আর্য, সূর্য চাকমা প্রমুখ দেশীয় অস্ত্র ছুড়ি, দা ও সার্জিকাল নাইফ ব্যবহার করে এ হামলা চালায়। হামলাকারীদের মধ্যে সংগঠনটির আত্মগোপনে থাকা কয়েকজন অছাত্র সদস্যও ছিল বলে ধারণা করা হচ্ছে। ইউপিডিএফ এতদিন এধরনের অপরাধ পাহাড়ে করলেও এবার তার সীমানা ছাড়িয়ে গেছে।

গত ১০ অক্টোবর ২০২৫ তারিখে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানে বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহার কমিটি নির্ধারিত স্বেচ্ছাসেবকদের সঙ্গে ইউপিডিএফ নেতা তুজিম তালুকদার ও তার সহযোগীরা দুর্ব্যবহার করে। এই ঘটনার প্রতিবাদে স্বেচ্ছাসেবকরা বিষয়টি বিহার কমিটিকে জানালে, পরবর্তীতে ইউপিডিএফ এর পক্ষ থেকে হুমকি দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায়, ১৬ অক্টোবর ২০২৫ তারিখে পলিটেকনিকস্থ বিহার থেকে ফেরার সময় চীবর দানের স্বেচ্ছাসেবক কিছু শিক্ষার্থীর উপর সংগঠনটির সদস্যরা আবারও হামলা চালায়। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা আত্মরক্ষা করতে সক্ষম হলেও পরে এক শিক্ষার্থীর বাড়িতে গিয়ে হামলাকারীরা পুনরায় হামলা ও প্রাণনাশের হুমকি দেয়।

চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড় পেরিয়ে শহরের পাহাড়ি অধ্যুষিত এলাকায় ছোট ছোট পাহাড়ি তরিতরকারির দোকানগুলোকেও ইউপিডিএফ প্রায়ই চাঁদা দাবির জন্য হুমকি দিয়ে থাকে। এছাড়া সংগঠনটির পক্ষ থেকে শিক্ষার্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর জন্য প্ররোচনা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীদের দাবি, ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এ যোগ না দেওয়ার কারণেই সাম্প্রতিক ১৬ থেকে ১৮ অক্টোবরের মধ্যে একাধিক হামলার ঘটনা ঘটেছে। তারা এ ধরনের বর্বরোচিত সন্ত্রাসী হামলার ন্যায়বিচার দাবি করেছেন।

আগের পোস্টভারতে অস্ত্র পাচার মামলায় খারিজ ১, জেএসএস সদস্যদের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা।
পরের পোস্টশরণার্থী ও উদ্বাস্তু পুনর্বাসন টাস্কফোর্সের বৈষম্যমূলক কার্যক্রম এবং বৈঠক বাতিলের দাবি।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন