পানছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি বাজার থেকে শুক্রবার, ২৪ অক্টোবর সন্ধ্যায় সেনাবাহিনী ইউপিডিএফের একটি অবৈধ চাঁদা আদায়ের চক্রের সঙ্গে জড়িত এক বাঙালি কালেক্টরকে আটক করেছে।
সেনা সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোটরসাইকেল চালক সৈয়দ মাহবুব রহমান (৫৩)কে আটক করা হয়। তিনি পানছড়ি উপজেলার দমদম এলাকার মৃত ডা. মিজানুর রহমানের ছেলে।
অভিযানের সময় তার কাছ থেকে নগদ এক লাখ টাকা এবং একাধিক চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি মোটরসাইকেল ভাড়া দেওয়ার সুযোগে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন। সেই সম্পর্কের মাধ্যমে ইউপিডিএফের নির্দেশে টোকেন বিক্রি, চাঁদা উত্তোলন এবং সাধারণ মানুষদের ওপর ভয়ভীতি প্রদর্শন করার কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।



