খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার খাগড়াবিল গরুকাটা এলাকায় স্থানীয় বাঙালি জনতা সংঘবদ্ধ হয়ে অস্ত্রসহ এক ইউপিডিএফ চাঁদা কালেক্টরকে আটক করেছে। রবিবার (০৯ নভেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১২টার সময় এলাকায় চাঁদা দাবি করতে এলে জনতা তাকে ঘিরে ধরে আটক করে।
আটক ব্যক্তির নাম নয়ন চাকমা, ওরফে দুর্গপদ্ম (৩৬)। তিনি রূপাইছড়ি গ্রামের বাসিন্দা রূপপদ্ম চাকমার পুত্র। দীর্ঘদিন ধরে পার্বত্য চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর চাঁদা কালেক্টর হিসেবে এলাকায় সক্রিয় ছিল তিনি। স্থানীয়দের অভিযোগ, তিনি বিভিন্ন সময় অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করতেন।
জনতা তাকে আটক করার সময় তার কাছ থেকে একটি হাত-পিস্তল উদ্ধার করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। সেনা সূত্রে জানা গেছে, আইনানুগ প্রক্রিয়ার জন্য পুলিশে হস্তান্তর করা হবে।
স্থানীয়দের মতে, এলাকাবাসীর সহযোগিতায় এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সাহসী ভূমিকা নেওয়ার ফলে বহুদিনের আতঙ্ক কমে আসবে বলে আশা করা হচ্ছে।



