রাঙামাটি জেলার বাঘাইছড়িতে কাঠ পাচারকারীরা নতুন কৌশলে বাঁশের ভেলার নিচে গোল কাঠ বেঁধে কাচালং নদী পথে পাচারের চেষ্টা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে ২৭ বিজিবি মারিশ্যা জোন আকস্মিক অভিযান পরিচালনা করে প্রায় ৬০০ ঘনফুট বিভিন্ন প্রজাতির গোল কাঠ উদ্ধার করতে সক্ষম হয়।
শুক্রবার রাত প্রায় আড়াইটা নাগাদ পরিচালিত এ অভিযানে নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ১৫ টুকরা মূল্যবান কাঠ জব্দ করা হয়। অভিযানটি নেতৃত্ব দেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।
অভিযানের সময় বিজিবির সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান ও বন বিভাগের কর্মকর্তা রেজাউল করিমও উপস্থিত ছিলেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত অঞ্চলে যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবি সবসময় সতর্ক রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।



