বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় দুই তঞ্চঙ্গ্যা যুবক অপহরণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার, ভুক্তভোগীদের উদ্ধারে জরুরি ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাব প্রাঙ্গণে উপজাতি শিক্ষার্থী সমাজের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা দাবি করেন, গেল ২৩ সেপ্টেম্বর ঘুমধুম এলাকার ভালুকিয়া খাল সংলগ্ন পাহাড়ি খামারঘর থেকে ওয়ামং তঞ্চঙ্গ্যা ও তার ৩০টি গরু অপহৃত হওয়ার পরও এবং ৮ অক্টোবর রেজু খালের জুমচাষ স্থল থেকে জ্যোতিরাম তঞ্চঙ্গ্যা অপহরণের পর এতদিনেও কার্যকর অনুসন্ধান, তৎপরতা বা আইনি অগ্রগতি দেখতে পাওয়া যায়নি। বক্তাদের অভিযোগ, দুই মাসের বেশি সময় অতিবাহিত হলেও আইনশৃঙ্খলাবাহিনীর দৃশ্যমান পদক্ষেপ না থাকায় পরিবারগুলো চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
মানববন্ধনে বক্তব্য দেন, উপজাতি ছাত্র পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক জামাধন তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরামের সাধারণ সম্পাদক বিতন তঞ্চঙ্গ্যা, মানবাধিকার কর্মী জন ত্রিপুরা, উমং মারমা, শিমল তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম প্রতিনিধি ন্যালসন ত্রিপুরা সহ অনেকে।
বক্তারা বলেন, প্রশাসনিক নিষ্ক্রিয়তা, তদন্তের ধীরগতি ও নিরাপত্তাহীনতার পরিস্থিতি পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে চরম উৎকণ্ঠা সৃষ্টি করেছে। দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা, অপহরণকারীদের চিহ্নিতকরণ ও আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা লিখিত আবেদন ও তদন্ত ত্বরান্বিতকরণের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি সমাপ্ত করেন।



