পার্বত্য চট্টগ্রামে সমঅধিকারের দাবি আরো সুসংগঠিত ও জনমুখী করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, রাঙামাটি সদর উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৪টায় রাঙামাটি ফিশারি ঘাট সাইন্স ল্যাব এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা শাখার সভাপতি মো. শাহীন আলম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুর নবী পিন্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মো. আনোয়ার আল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা সমঅধিকার কমিটির আহ্বায়ক মো. কামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. সগির আহম্মদ, সদস্য সচিব রকিব হোসেন। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন আহ্বায়ক কমিটির সদস্য মো. নুরুল আবছার। এছাড়া বক্তব্য রাখেন সমঅধিকার ছাত্র আন্দোলনের রাঙামাটি জেলা আহ্বায়ক মো. শরীর এবং রাঙামাটি পৌর কমিটির সভাপতি জাহিদ মোস্তফা।
বক্তারা বলেন, সম-অধিকার আন্দোলনকে বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের সময় অঘোষিতভাবে নিষিদ্ধ করা হয়েছিল, যাতে পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার ও বৈষম্যের বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে। তারা অভিযোগ করেন— শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক বৈষম্য সৃষ্টি করা হয়েছে, ভূমি কমিশন ও টাস্কফোর্সসহ বিভিন্ন কমিশন অসম কাঠামোয় গঠন করে বৈষম্যের বটবৃক্ষ রোপণ করা হয়েছে।
বক্তারা আরও বলেন, এসব বৈষম্যের কারণে পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আস্থাহীনতা ও অসমতার পরিবেশ তৈরি হয়েছে। তাই এখন সবচেয়ে জরুরি হলো: সমস্ত সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করা, সম্পদের ন্যায্য বণ্টন করা এবং বৈষম্য দূরীকরণে কাঠামোগত সংস্কার আনা।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সমঅধিকার আন্দোলনকে আরও শক্তিশালী ও গণমুখী করার অঙ্গীকার ব্যক্ত করেন।



