জাকির হোসেন | দীঘিনালা
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার প্রত্যন্ত ও দুর্গম পাহাড়ি এলাকায় শীতার্ত অসহায় পরিবার ও শিশুদের মাঝে কম্বল ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গত ৩ থেকে ৬ ডিসেম্বর ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (দি বেবী টাইগার্স)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারূক, পিএসসি-এর নির্দেশনায় উপজেলার উল্টাছড়ি, পাকুজ্জাছড়ি, ধনপাতাছড়া ও আশপাশের পাহাড়ি এলাকায় সুবিধা বঞ্চিত পরিবারগুলোর মধ্যে শতাধিক কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি শিশু-কিশোরদের মাঝে ভলিবলসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রীও উপহার দেওয়া হয়েছে।

এই মানবিক কার্যক্রমে লেফটেন্যান্ট শেখ সাব্বির আহমেদ ও ওয়ারেন্ট অফিসার মো. মহিদুল ইসলামসহ অন্যান্য সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র ও খেলাধুলা সামগ্রি বিতরণ সম্পর্কে লেফটেন্যান্ট শেখ সাব্বির বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পাহাড়ের দুর্গম অঞ্চলের সুবিধা বঞ্চিত ও শীতার্ত অসহায় মানুষের পাশে সবসময় রয়েছে সেনাবাহিনী। তারই অংশ হিসেবে শীতের এই সময়ে দূর্গম এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে শিশুদের আনন্দ ও উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে তাদের মাঝে খেলনা সামগ্রীও প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

কম্বল ও খেলাধুলার সামগ্রী পেয়ে স্থানীয় পাহাড়ি জনগণ বাংলাদেশ সেনাবাহিনী, বিশেষ করে দীঘিনালা জোনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, প্রতিকূল পরিবেশ ও সীমিত সুযোগের মধ্যেও সেনাবাহিনী যেভাবে দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ শীতার্ত পরিবারগুলোর কষ্ট লাঘব করার পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



