খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় যৌথবাহিনীর সদস্যরা তিনজন বিদেশি নাগরিককে আটক করেছে। বুধবার বিকেলের দিকে উপজেলার পূজগাং এলাকায় সন্দেহজনক বিচরণ লক্ষ্য করে টহল দল তাদের আটকে জিজ্ঞাসাবাদে নেয়।
স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিনজন নিজেদের ভারতীয় নাগরিক বলে পরিচয় দিয়েছেন। তারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকার অধিবাসী বলে দাবি করে।
পানছড়ি থানা বরাতে জানা যায়, আটক ব্যক্তিদের পরিচয়— জেমস কুমার রিয়াং (৩৩), তরসেন রিয়াং (৩০), লালথাকমা রিয়াং (৩২)। তারা ত্রিপুরার গোমতি জেলার অন্তর্গত বিভিন্ন পাড়া ও গ্রামের বাসিন্দা।
নিরাপত্তা সূত্র জানায়, গত ৬ ডিসেম্বর ভারতের ধলাই জেলার রইশ্যাবাড়ি এলাকা থেকে চপলিংছড়া সীমান্ত-সংলগ্ন একটি চোরাপথ ব্যবহার করে তারা খাগড়াছড়ির পানছড়ির দুর্গম রুপসেন পাড়া এলাকায় প্রবেশ করে। সেখান থেকে তারা রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার রাকিয়ং লেক এলাকায় যায়। বুধবার পুনরায় সীমান্তের অনুপ্রবেশপথে ভারতগামী হওয়ার সময় তাদের আটক করা হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, আটক ব্যক্তিদের মধ্যে লালথাকমা রিয়াং ওরফে প্রশান্ত ত্রিপুরা রাঙ্গামাটির বিলাইছড়ি এলাকার জন্মগত বাসিন্দা হলেও ২০২০ সালে ভারত গিয়ে স্থায়ী বসতি গড়ে সেখানে নাগরিকত্ব গ্রহণ করেন। তিনি তার অসুস্থ কন্যার চিকিৎসার খরচ সংগ্রহের জন্য বাংলাদেশে চোরাপথে প্রবেশ করেছেন বলে দাবি করেছেন। তার সঙ্গে থাকা অন্য দুই ভারতীয় নাগরিক বন্ধু হিসেবে সফরসঙ্গী ছিলেন।
ওসি আরও জানান, অনুপ্রবেশ সম্পর্কিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



