রাঙামাটি শহরের বনরূপা এলাকায় অবস্থিত আবু হুরাইরা নুরানি মাদ্রাসার অসহায়, গরিব ও এতিম শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র এবং কার্পেট বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন। রোববার (১৪ ডিসেম্বর) এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, রাঙামাটির ধর্মীয় বৈচিত্র্যকে সম্মান করে শিক্ষার্থীদের সার্বজনীন মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষা দিতে হবে। যাতে ভবিষ্যতে তারা সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে, পাশাপাশি বসবাস করতে পারে এবং কোনো ধর্মীয় ভেদাভেদ সৃষ্টি না হয়।
তিনি আরও জানান, পার্বত্য অঞ্চলে শান্তি ও উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করতে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং ঘাগড়া ইউনিয়নের চেলাছড়ায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র, বিনামূল্যে চিকিৎসা, ঔষধ এবং শিশুদের জন্য খেলাধুলার সামগ্রীসহ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। রাঙামাটি ও কাউখালী এলাকায় চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ চলবে এবং ডিসেম্বর মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম অব্যাহত থাকবে।
মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম উদ্দিন বলেন, প্রতিষ্ঠানের জন্য কার্পেটের খুব প্রয়োজন ছিল। এতিম ও অসহায় শিক্ষার্থীদের কষ্ট বিবেচনা করে এই উপহার দেওয়ায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক ইমাম উদ্দিন, মো. রমজান উদ্দিনসহ মাদ্রাসার শিক্ষক-কর্মকর্তারা। হাফেজ আরিফুল ইসলামের সঞ্চালনায় দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা রহমত উল্লাহ।



