বড়দিন উপলক্ষে বান্দরবানে সেনা জোনের মানবিক সহায়তা কার্যক্রম।

0

হিল নিউজ বিডি প্রতিনিধি

বড়দিনের উৎসবকে কেন্দ্র করে পার্বত্য বান্দরবানের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান সেনা জোনের ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে সামাজিক সহমর্মিতা ও উৎসবের আনন্দ ভাগাভাগি করা হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে এক অনাড়ম্বর কিন্তু তাৎপর্যপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচিটি সম্পন্ন হয়। এ সময় বিভিন্ন পাড়ার উপাসনালয় নির্মাণ ও সংস্কারের জন্য প্রয়োজনীয় উপকরণ, পাশাপাশি শিশু ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি। তিনি তাঁর বক্তব্যে বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক আস্থার পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী সবসময় মানবিক দায়িত্ববোধ থেকে কাজ করে যাচ্ছে। উৎসবকেন্দ্রিক এই সহায়তা কার্যক্রম সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।

এছাড়া অনুষ্ঠানে সদর জোনের উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান, জোনাল স্টাফ অফিসার, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন পাড়া থেকে আগত উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে অনুদান ও প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হয়।

এ কর্মসূচির আওতায় বান্দরবান জেলার প্রায় তিন শতাধিক শীতার্ত পরিবারের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়, যা শীত মৌসুমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় কিছুটা স্বস্তি এনে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানটি পারস্পরিক সৌহার্দ্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়। এ ধরনের মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা, যা পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সংহতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁদের অভিমত।

আগের পোস্টইউপিডিএফের হাতে জিম্মি কাউখালীর পাহাড়িরা: মানবিক সহায়তা বিতরণে বাধা।
পরের পোস্টবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন