পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদের শিক্ষাক্ষেত্রে অগ্রগতি আনতে ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) সাজেক জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের প্রশাসনিক ও পাঠদানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি ল্যাপটপ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিক্ষা সহায়তা প্রদান করেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অবহেলিত এই বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে গত কয়েক মাস ধরে নানামুখী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে বাঘাইহাট জোনের আওতাধীন ১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
ইতোমধ্যে বিদ্যালয়টিতে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন, প্রবেশপথে গেট নির্মাণ, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, নতুন টয়লেট নির্মাণ, লাইব্রেরি স্থাপন, শহীদ মিনার নির্মাণ, শ্রেণিকক্ষ সংস্কারসহ আধুনিক ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থাও করা হয়েছে। এসব উদ্যোগ স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আশাবাদ সৃষ্টি করেছে।
অন্যদিকে, বড়দিন উপলক্ষে সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতির অংশ হিসেবে সাজেকের রুইলুই পাড়া গির্জা পরিচালনা কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
এছাড়া একই দিনে বাঘাইছড়ি ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের উদ্যোগে এসএসসি ও এইচএসসি পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ এবং একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সাজেক রুইলুই পাড়া ত্রিপুরা কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়।
বাঘাইছড়ি উপজেলা ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সভাপতি মাচাং শাকিল ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ ইস্ট বেঙ্গল, বাঘাইহাট সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মনিরুল ইসলাম, পিপিএম (বার), পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, সাজেক জুনিয়র হাই স্কুলের সহ-সভাপতি সিরাজুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও কমিউনিটি নেতৃবৃন্দ।
শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলে টেকসই অগ্রগতির পথ সুগম করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



